| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

স্মৃতি সতত সুরের : উজ্জ্বল কুমার মুখার্জী

Reporter
উজ্জ্বল কুমার মুখার্জী / ৮৯১ জন পড়েছেন
আপডেট বুধবার, ৫ অক্টোবর, ২০২২

গত শতকের আশির দশকের কোন এক শরৎকালের সপ্তমীর সন্ধ্যা। উত্তর কলকাতায় কোন এক পুজো মন্ডপ। দর্শনার্থীদের ভীড়ের কোলাহল, বেলুনওলার বাঁশীবেলুনের প্যাঁপোঁ আওয়াজ, বাচ্চাদের কলরব, খাবারের দোকানের ট্রেডমার্ক হাঁক “গ-অ-র-অ-ম ফিশ ফ্রা-আ-ই”, পাঁচমিশালি শব্দের মিলিত কোলাহল ছাপিয়ে কানে আসছে ভরাট গলায় এক সুরেলা মিনতি — ‘কতদিন পরে এলে, একটু বোসো’। মাইকে বাজছে হেমন্ত মুখোপাধ্যায়ের গান। ১৯৭৪ সালের পুজোর গান। কিছুক্ষণ পরেই টেক ওভার করলেন মান্না দে। শুরু হল তাঁর মান ভাঙানোর প্রচেষ্টায় “সুন্দরী গো, দোহাই দোহাই মান কোরো না”। ১৯৭০ সালে বেরোন পুলক বন্দ্যোপাধ্যায়-মান্না দের জুটির পুজোর গান।

একটু এগিয়ে গেলেই অন্য আরেক পুজো মন্ডপ। পায়ে পায়ে সেদিকে খানিকটা এগোতেই মান্না দের কণ্ঠ মিলিয়ে গিয়ে অন্য এক সুরের ঢেউয়ে ডুবিয়ে দিল। মায়াবী গলায় আশা গাইছেন, গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা রাহুল দেববর্মণের নেশা ধরানো সুরে — “চোখে চোখে কথা বল, মুখে কিছু বল না”। ১৯৮৪ সালের পুজোর গান।

সত্তরের দশক, আশীর দশকের পূজোর পরিবেশের এটাই ছিল চালচিত্র। এ চালচিত্র চোখে দেখার নয়, কানে শোনার। ঠাকুর দেখতে বেরিয়ে জনস্রোতে ধাক্কা খেতে খেতে এগিয়ে চলতে চলতে শব্দস্রোত, সুরের স্রোত পাল্টে পাল্টে যেত।

কোথাও বাজছে কিশোর কণ্ঠে ‘আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে’, ১৯৮০ সালের পুজোর গান। পাশের গলিতে ঢুকতেই শোনা যেত পঞ্চমের গলায় ব্যর্থ প্রেমের আকূতি — মনে পড়ে রুবি রায়! শচীন গুপ্তের কথায় রাহুল দেববর্মনের নিজের সুরে গওয়া গানটি সে সময়ে কলেজ ছাত্রদের হৃদয়ে ঝড় তুলেছিল।

আরেকটু এগোতেই আরতী মুখোপাধ্যায়ের মন মাতানো টীন-এজ প্রেমের ‘তখন তোমার একুশ বছর’, বাপ্পী লাহিড়ির সুরে। কোন প্যাণ্ডেল হয়তো তেমন সাজানো নয়, দর্শনার্থীর ভীড়ও কম, কিন্তু পুজোর গানের পছন্দে পিছিয়ে নেই — সেখানে বাজছে সুধীন দাশগুপ্তের সুরে সুবীর সেনের কণ্ঠে — ‘এত সুর আর এতো গান’। কোথাও আবার গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় নচিকেতা ঘোষের সুরে তরুণ বন্দ্যোপাধ্যায়ের উদাত্ত আহ্বান — ‘চলো রীণা ক্যাসুরীনার ছায়া গায়ে মেখে’। সে গান শুনে অনেক যুবকের হৃদয়ে দোলা লাগত। উত্তর কলকাতার কোনো এক এঁদো গলিতে সাধারণ পুজো প্যান্ডেল, জৌলুশহীন, ম্যাড়ম্যাড়ে। কিন্ত সেই দর্শক-উপেক্ষিত নিঝুম গলিও যেন ঝাড়বাতির আলোয় ঝলমল করে উঠত, যখন হঠাৎ ঝমঝম করে মাইকে বেজে উঠত সন্ধ্যা মুখোপাধ্যায়ের গলায় সেতারের ঝঙ্কার — নচিকেতা ঘোষের সুরে পুজোর গান — ‘মায়াবতী মেঘে এল তন্দ্রা’ — 1962 সালের পুজোর গান।

পুজো হবে, আর পুজোর গানের রেকর্ড বেরোবে না? তা কি হয়! তা হতোও না। প্রতি পুজোয় শ্রোতারা পেতেন কিছু নতুন গানের ডালি। ‘পুজোর গান’ নামেই সেগুলি পরিচিত ছিল। এই পুজোর গান প্রকাশ করার জন্য নামীদামী সব শিল্পীদেরই আগ্রহ ছিল। শুধু এখানকার বাঙলা গানের শিল্পীই নয়, অবাঙালি শিল্পীদেরও প্রবল আগ্রহ ছিল। লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, সুমন কল্যাণপুর, মহম্মদ রফি, কে গাননি পুজোর গান? সলিল চৌধুরির সুরে মুকেশের গাওয়া ‘মন মাতাল, সাঁঝ সকাল’ গানটি এক সময়ে প্যান্ডেলে প্যাণ্ডেলে মাতিয়ে রাখত। ১৯৭১ সালে শচীন কর্তা মীরা দেববর্মণের লেখা পুজোর গান গাইলেন ‘কে যাস রে ভাটি গাঙ বাইয়া’, ১৯৭৭ সালে কলকাতা-সহ গোটা বাংলার পুজো প্যান্ডেলগুলি মাতিয়ে দিয়েছিল বাংলাদেশের শিল্পী রুণা লায়লার গাওয়া ‘সাধের লাউ’। ঐ বছর পুজোর গানে তাঁর চারখানি গান ছিল।

এক স্মৃতিচারণায় হেমন্ত মুখোপাধ্যায় বলেছেন, “পুজোর গান হবে না — এমন কথা ভাবতেই কষ্ট হতো। তাই বাংলা ও হিন্দি ছবি নিয়ে আমার সেই ব্যস্ততার দিনেও আমি পুজোর গান করেছি।” ১৯৬৪ সালে বিদেশ থেকে ফিরে তিনি তড়িঘড়ি করে দুটি পুজোর গান রেকর্ড করেছিলেন, ভাঙা গলাতেই, কারণ হাতে সময় ছিল না। গানদুটি হল ‘হাজার বছর ধরে কত নদী প্রান্তর’, এবং ‘আরো ভালো হত’।

পুজোর রেকর্ড বার করার এই ঐতিহ্য কিন্তু অনেক পুরোনো। ঠিক কবে প্রথম পুজোর গান বেরিয়েছিল, সেটার কোন তথ্যনির্ভর বিবৃতি পাওয়া যায়নি। তবে পেছোতে পেছোতে দেখা যায় যে, ১৯১৪ সালে, প্রথম বিশ্বযুদ্ধের ডামাডোলের মধ্যেও পুজোর রেকর্ড বার করেছিল দ্য গ্রামোফোন কোম্পানি লিমিটেড। বিদেশী কোম্পানী স্বদেশী পুজোর বাজার ধরার উদ্দেশ্যে সেই বছর ১৭টি রেকর্ড প্রকাশ করেছিল “শারদীয় পূজা উপলক্ষে”। দুপিঠে দুখানি গানের রেকর্ড — ভায়োলেট ও ব্ল্যাক লেবেল দেওয়া। ভায়োলেট লেবেলের রেকর্ডের দাম তিন টাকা বারো আনা, আর ব্ল্যাক লেবেলের তিন টাকা। তার মধ্যে ছিল সেই সময়ের প্রখ্যাত গায়িকা মানদা সুন্দরী দাসীর কীর্তন, আর কে মল্লিকের আগমনী গান। এই কে মল্লিকের প্রকৃত নাম মহম্মদ কাশেম।

এই পুজোতেই দুখানি রবীন্দ্রনাথের গান রেকর্ড করেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ভগ্নী অমলা দাশ — ‘হে মোর দেবতা’ ও ‘প্রতিদিন আমি হে জীবনস্বামী’। শুধু গান নয়, সে বছর গ্রামোফোন কোম্পানী শারদীয় অর্ঘ সাজিয়েছিল হাস্যকৌতুকের নকশা দিয়েও। অভয়পদ চট্টোপাধ্যায়ের রেকর্ডে ছিল — ‘স্ত্রীর প্রতি স্বামীর আদর’, আর ‘স্বামীর প্রতি স্ত্রীর সোহাগ’।

১৯২৭ সালে পুজোয় বেরিয়েছিল অহীন চৌধুরির অবিস্মরণীয় অভিনয়ের রেকর্ড ‘কর্ণার্জুন’। ১৯৩০ সালে কমলা ঝরিয়া পুজোর গান দিয়েই প্রথম রেকর্ড করেছিলেন। ১৯৩৩ সালে বেরোল আব্বাসউদ্দিনের কণ্ঠে নজরুলের গান ‘কুঁচবরণ কন্যারে তার মেঘ বরণ কেশ’, পুজোর রেকর্ড।

১৯৪০ সালে যুথিকা রায়ের পুজোর গান বাজারে এল — প্রণব রায়ের কথা ও কমল দাশগুপ্তের সুরে দুটি গান, ‘সাঁঝের তারকা আমি’ আর ‘আমি ভোরের যূথিকা’।

ষাট থেকে আশির দশককে বাংলা গানের স্বর্ণযুগ বলা হয়। এই কয়েক দশক ধরে যে পুজোর গানগুলি বেরোত, সেগুলি পুজোর আনন্দের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, অংশ ছিল। কেবল গান নয়, ভানু বন্দ্যোপাধ্যায় বা মিন্টু দাশগুপ্তর মতো শিল্পীদের কৌতুকনকশা ও প্যারডির রেকর্ডও বেরোত পুজোর সময়ে।

গ্রামোফোন কোম্পানি প্রতি বছর পুজোর গানের তালিকা সাজিয়ে প্রকাশ করত এক রুচিশোভন সংকলন, এইচ এম ভি-র গানের বই, “শারদ অর্ঘ্য”। পুজোর কেনাকাটার মধ্যে নতুন জামা জুতোর সঙ্গে দু একখানি পুজোর গানের নতুন রেকর্ডও থাকত।

সে সময়ে থীম পুজোর মাতামাতি ছিল না, স্পনশরের প্রশ্রয় বরাভয় ছিল না, পুজোর আয়োজনে কর্পোরেট চিন্তাভাবনা ছিল না, উদ্যোক্তাদের মধ্যে গলাকাটা প্রতিযোগিতা ছিল না। কেবল কিছু প্যাণ্ডেল বৈচিত্র্য, কিছু আলোকসজ্জার কারিকুরি, আর প্রতিমার গঠন-বৈচিত্র্য — এই ছিল পুজোর আকর্ষণ । কিন্ত এত ‘ছিল না’, এর মধ্যেও পুজোর এক মস্তো আনন্দ, এক প্রবল আকর্ষণ ছিল প্যাণ্ডেলে প্যাণ্ডেলে বাজতে থাকা পুজোর গানগুলি। সে সব পুজো ছিল দেখার সঙ্গে সঙ্গে শোনারও — দেখা ও শোনার এক মেলবন্ধনের আনন্দ।

সে ছিল এক বড়ো সুরেলা সময়।

ঋণ : সেই আমলের পুজোর গান : অরুণ চট্টোপাধ্যায়, এইচ এম ভি’র শারদ অর্ঘ্য

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev