রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৪ জন। একদিনে এটিই এখনও অবধি রাজ্যে সবচেয়ে বেশি। ৭ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, ফলে সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে হয়েছে ৭৩। রাজ্যে করোনা পজিটিভ ২৪৫ জন। নমুনা পরীক্ষা হয়েছে ৫৪৬৯টি, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় হয়েছে ৪২৪টি। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫৯টি নমুনা পরীক্ষা হয়েছে, সব কটির রিপোর্ট নেগেটিভ। সোমবার ২০ এপ্রিল নবান্নে এ কথা জানিয়েছেন মুখ্য সচিব রাজীব সিনহা। তিনি বলেন, লকডাউন যাতে সকলে মেনে চলেন সেজন্য কলকাতা ও হাওড়ায় কড়া ব্যারিকেডিং করা হয়েছে।

নিত্যপ্রয়োজনীয় জিনিস প্রশাসন পৌঁছে দেবে। অত্যন্ত জরুরি দরকার না হলে সকলে বাড়িতে থাকুন। কলকাতা ও হাওড়ায় Rapid টেস্ট শুরু হয়েছে। স্বাস্থ্য দফতরের নির্দেশ মেনে উত্তর ও দক্ষিণবঙ্গের আরও কিছু জায়গায় পরীক্ষা চলবে। তিনি জানান, সংক্রমিত এলাকাগুলিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তিন শতাধিক সংস্থাকে কাজ শুরু করতে বলা হয়েছে।

মুখ্য সচিব নির্দেশ দেন, ফুল ও মিষ্টির দোকান বেলা ১২টায় বন্ধ করে দিতে হবে। তিনি জানান, নাইসেড থেকে আসা কিট অসম্পূর্ণ ফল দেখানোয় এম আর বাঙ্গুর হাসপাতাল-সহ অনেক জায়গায় সমস্যা হচ্ছে। ত্রুটিপূর্ণ কিট বদলে দিতে বলা হয়েছে।

সরকারি কোয়ারেন্টিনে এখন আছেন ৪৪৬০ জন, ছাড়া পেয়েছেন ৯৮৭০ জন। গৃহ পর্যবেক্ষণে রয়েছেন ৩৪৯৪৪ জন, ছাড়া পেয়েছেন ২৩৮১০ জন। ৩ লাখ ৯৬ হাজার পিপিই, ২ লাখ ৪৫ হাজার এন -৯৫ মাস্ক, ১৭ লাখ মাস্ক, ৮৬ হাজার লিটার স্যানিটাইজার, ৭ লাখ ৯০ হাজার গ্লাভস দেওয়া হয়েছে।
