উত্তরবঙ্গে কম-বেশি প্রত্যেকটা জেলাতেই করোনা আক্রান্ত পরিযায়ী শ্রমিকদের নিয়ে সমস্যায় পড়েছে পুলিশ প্রশাসন। বেশিরভাগ পরিযায়ী শ্রমিকই কোয়ারেন্টাইন সেন্টার থেকে পালিয়ে গিয়ে বাড়িতে চলে যাচ্ছেন। পুলিশের সাহায্যে তাদের আবার কোয়ারেন্টিন সেন্টারে নিয়ে আসা হচ্ছে। মাঝে মাঝে আশা কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পরছেন পরিযায়ী শ্রমিকরা। করোনা পরিস্থিতির নজরদারিতে আজ শিলিগুড়িতে হাজির হন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফরে এসে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারেট, রেল পুলিশ, উত্তরবঙ্গ সশস্ত্র পুলিশ বাহিনী এবং রিজার্ভ ব্যাটেলিয়ন দফতর পরিদর্শন করেন তিনি। শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে প্রথমে রেল পুলিশের এসপি, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গেও আলোচনা করেন তিনি। সূত্রে খবর, উত্তরবঙ্গে বাইরে থেকে আসা পরিযায়ী শ্রমিকদের ডাটাবেস তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেহভাজন করোনা আক্রান্তদের কোয়ারেন্টাইন সেন্টার থেকে পৃথক ভাবে রাখতে প্রতিটি থানায় তৈরি করতে হবে চার শয্যার আইসোলেশন ওয়ার্ড।