করোনা যুদ্ধে কেন্দ্র-রাজ্য একযোগে যেখানে কাজ করার কথা বলা হচ্ছে সেখানে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হানল কেন্দ্রীয় সরকার। সোমবার ২০ এপ্রিল ফেডারেল স্ট্রাকচারের নিয়ম যেভাবে অগ্রাহ্য করল কেন্দ্রীয় সরকার তাতে অবাক ও অসন্তুষ্ট মুখ্য সচিব রাজীব সিনহা বলেন, ইন্টার মিনিস্টারিয়াল সেন্ট্রাল টিম পাঠানোর কথা দিল্লি জানানোর ১৫ মিনিট পরেই জেনেছি দুটি কেন্দ্রীয় প্রতিনিধিদল রাজ্যে পৌঁছে গিয়েছে। অর্থাৎ তাঁদের পাঠিয়ে নিয়ম রক্ষার্থে আমাদের জানানো হয়েছে। স্বাস্থ্য রাজ্যের বিষয়, কিন্তু করোনা জাতীয় বিপর্যয়। ফলে আমরা সহযোগিতা করতাম, কিন্তু কিছু জানানো হয়নি। প্রতিনিধিদলের গাড়ি ও অন্যান্য ব্যবস্থাও রাজ্য করে থাকে। কিন্তু তাঁরা এ রাজ্যে এসেই এসএসবি, বিএসএফ নিয়ে বেরিয়ে পড়েছে। তাছাড়া পূর্ব মেদিনীপুর, দার্জিলিংয়ের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ১০ দিনের বেশি সময় ধরে সংক্রমণ নতুন করে ছড়ায়নি। কলকাতার দলটি আমার সঙ্গে যোগাযোগ করেছে। কথা বলে কারণ জানতে চাইব। উপযুক্ত জবাব না পেলে তাঁদের এ রাজ্যে ইচ্ছেমতো ঘুরতে দেওয়া হবে না।