স্তেফানি ফ্রাপার নামটা অনেকেই জানেন আবার অনেকে জানেন না। তবে ক্যারিয়ারে গৌরবময় মুহূর্ত হতে চলেছে বুধবার। ফিফার ইতিহাসে মহিলা রেফারি হিসেবে তাঁর মাথায় উঠতে চলেছে আর এক নতুন মুকুট। চ্যাম্পিয়ন্স লিগে পুরুষদের ম্যাচে প্রথম মহিলা রেফারি হিসেবে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন তিনি। বুধবার আলিয়াঁজ স্টেডিয়ামে গ্রুপ জি’র ম্যাচে জুভেন্তাস বনাম ডায়নামো কিয়েভের ম্যাচটি পরিচালনা করবেন ফ্রাপার। রোনাল্ডো-দিবালারা খেলবেন তাঁর পরিচালনায়। এই প্রথমবরের মতো ইউরোপিয়ান সর্বোচ্চ ক্লাব আসরে কোন মহিলা রেফারি ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন।

ফ্রান্সের ৩৬ বছর বয়সী এই রেফারি ইতোমধ্যেই ফ্রেঞ্চ শীর্ষ লিগে প্রথম নারী হিসেবে ম্যাচ পরিচালনা করে ইতিহাস রচনা করেছেন। ২০১৯ সালে উয়েফা সুপার কাপের ফাইনালে লিভারপুল বনাম চেলসির ম্যাচটিতেও তিনি রেফারির দায়িত্ব পালন করেছেন। গত বছরের এপ্রিলে আমিয়েঁ বনাম স্ত্রাসবুর্গ ম্যাচটা পরিচালনা করেছিলেন। অক্টোবরে ইউরোপা লিগে তাঁর অভিষেক লেস্টার সিটি বনাম জোরিয়া লুহানস্ক ম্যাচের মধ্য দিয়ে। প্রথম মহিলা রেফারি হিসেবে ফরাসি লিগের কোনো ম্যাচ পরিচালনা করার কৃতিত্ব ফ্রাপার-এর দখলে। তাঁর আগে অন্য কোনো মহিলা রেফারি ইউরোপার ম্যাচ পরিচালনার দায়িত্ব পাননি।