রাজস্থানের কোটা থেকে আড়াই হাজারের বেশি পড়ুয়াকে ফেরানোর ব্যবস্থা করেছে রাজ্য সরকার। তিন দিন পর তাঁরা রাজ্যে এসে পৌঁছবেন। বুধবার ২৯ এপ্রিল এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কোটা থেকে রওনা দিয়েছে মোট ১০১টি বাস। শিলিগুড়ি, আসানসোল ও কলকাতায় এসে পৌঁছাবে বাসগুলি। নিজেদের জেলা অনুযায়ী পড়ুয়ারা বাসে উঠেছেন। বাসে ওঠার আগে তাঁদের সকলের স্বাস্থ্য পরীক্ষা হয়। বাস এসে পৌঁছানোর পর ফের তাঁদের স্বাস্থ্য পরীক্ষা হবে। পড়ুয়াদের ফেরানোর সমস্ত খরচ বহন করছে রাজ্য সরকার।

ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং-সহ বিভিন্ন কোর্সের কোচিং নিতে গিয়ে রাজস্থানের কোটায় আটকে পড়েন কয়েক হাজার পড়ুয়া। তাঁদের মধ্যে বাংলার বহু পড়ুয়া রয়েছেন। তাঁদের পরিবারের তরফে এ কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আনা হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি। প্রথমেই তিনি আটকে থাকা পড়ুয়াদের নানাভাবে সহযোগিতা করেন। রাজস্থান সরকারকে পশ্চিমবঙ্গ সরকারের তরফে বলা হয়, যে কটি বাস দরকার তাতে করে ওই পড়ুয়াদের রাজ্যে ফেরানোর ব্যবস্থা করা হোক, সব খরচ বহন করবে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে কথা সোমবার জানিয়ে বলেছিলেন, বাসে ১৭০০ কিলোমিটার আসতে হবে, পথে তিন রাত কাটাতে হবে পড়ুয়াদের। সব খরচ রাজ্য সরকার বহন করবে। মঙ্গলবার ২৮ এপ্রিল রাতে কোটার অ্যালেন কেরিয়ার ইনস্টিটিউটের ডিরেক্টর নবীন মাহেশ্বরী জানান, বাসের ব্যবস্থা হয়ে গিয়েছে। কলকাতার উদ্দেশ্যে বাসগুলি রওনা হবে বেলা ২টোয়। বেলা ৩টেয় শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে। বিকেল ৪টেয় ছাড়বে আসানসোলের বাস। রাজ্য সরকার তাঁদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করায় কৃতজ্ঞতা জানিয়েছেন পড়ুয়ারা। স্বস্তির আবহ তাঁদের পরিবারগুলিতেও।