কোটা থেকে ৯৫টি বাসে করে ২৩৬৮ জন পড়ুয়াকে আনলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেদের রাজ্যে ফিরতে পেরে সকলেই খুশি। তাঁরা বলছেন, বিপদ থেকে যেভাবে মুখ্যমন্ত্রী আমাদের উদ্ধার করলেন তা আজীবন মনে রাখব। শুক্রবার ১ মে সকাল থেকেই কোটা থেকে আসা বাসগুলি রাজ্যে ঢুকতে শুরু করে।

আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি জানান, ৫০টি বাস বাংলা- ঝাড়খণ্ড সীমান্ত পার করে পশ্চিম বর্ধমান জেলায় আসে। সেইসব পড়ুয়াদের এখানে আবার নতুন করে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। দেওয়া হয় মাস্ক। পরে খাবার খাইয়ে তাঁদের রাজ্য সরকারের বাসে নিজেদের জেলায় পাঠানোর ব্যবস্থা করা হয়। জিতেন্দ্র তিওয়ারি ছাড়াও এই ব্যবস্থা তত্ত্বাবধান করেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুকেশ জৈন ও পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি।

সব কিছু ঠিকঠাক চলছে কিনা, কোনও অসুবিধা হচ্ছে কিনা তা বারবার খোঁজ নেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।জিতেন্দ্র তিওয়ারি বলেন, মুখ্যমন্ত্রীর উদ্যোগে পড়ুয়ারা আজ নিজেদের বাড়ি ফিরতে পারলেন। তাতে তাঁদের চেহারায় যে খুশি ফুটে উঠেছে তা ভাষায় বর্ণনা করা যাবে না।