প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার রাত ৮টায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন। করোনা নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের মন্ত্রিগোষ্ঠী বৈঠকেও বসেছে। তবু সংসদে কিছুই বলছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! করোনা নিয়ে সংসদে তাঁর বিবৃতি দাবি করেছে তৃণমূল কংগ্রেস। লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে করোনা। আমাদের দেশও এর বাইরে নয়। প্রধানমন্ত্রী রাত ৮টায় ভাষণ দেবেন বলে জেনেছি। কিন্তু সংসদেও তিনি করোনা-পরিস্থিতি নিয়ে সকলের সামনে বলুন। এর আগে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ডেরেক ও’ব্রায়েন টুইটারে লেখেন, প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। কিন্তু কোথা থেকে? সংসদের অধিবেশনও তো চলছে।
এর মধ্যে দেশে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৭০। সবচেয়ে বেশি মহারাষ্ট্রে, ৪৯।করোনায় এখনও পর্যন্ত সারা বিশ্বে ২ লাখ ২০ হাজার মানুষ আক্রান্ত। সুস্থ হয়েছেন ৮৪ হাজার। মৃত্যু হয়েছে ৮,৮০০ জনের। ইতালিতে বুধবার মারা গিয়েছেন ৪৭৫, যা এক দিনের হিসাবে সবচেয়ে বেশি। সবমিলিয়ে ইতালিতে প্রায় ৩ হাজার মানুষ করোনায় মারা গিয়েছেন।