কোনও সাংসদ প্রয়াত হলে সংসদে অধিবেশন শুরুর সময় শোকপ্রস্তাব পাঠ করাই নিয়ম। বিধায়কের মৃত্যুতেও বিধানসভায় তেমনই হয়। প্রথম দিনের অধিবেশন এরপর মুলতুবিও করে দেওয়া হয়। তিনবারের সাংসদ কৃষ্ণা বোস প্রয়াত হয়েছেন ২২ ফেব্রুয়ারি। কিন্তু সে ব্যাপারে লক্ষ্য নেই লোকসভার। ক্ষুব্ধ প্রাক্তন সাংসদ সুগত বোস তাই এবার চিঠি লিখলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে। তিনি চিঠিতে লেখেনি, আমাদের মা কৃষ্ণা বোস গত ২২ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন। তিনি তিনবার (১৯৯৬ থেকে ২০০৪) সাংসদ নির্বাচিত হয়েছিলেন এবং ১৯৯৯-২০০৪ তিনি সংসদের বিদেশ মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন। গত দুই সপ্তাহ ধরে লোকসভার অধিবেশন চলছে। কিন্তু এটা লক্ষ্য করে হতাশ লাগছে যে কৃষ্ণা বোসের প্রয়াণের বিষয়টিই সংসদের নজর এড়িয়ে গেল!
