আজ ১ মে। মে দিবস তথা আন্তর্জাতিক শ্রমিক দিবসে সকল মেহনতি মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, শ্রমিকরা আমাদের গর্ব। মে দিবস উপলক্ষে শিল্পশহর হলদিয়ায় শ্রমিক, কর্মচারীদের হাতে মাস্ক, স্যানিটাইজার ও সাবান তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন শুভেন্দুবাবু।

হলদিয়ার হুগলি মেটকোক কোম্পানিতে এদিন সকালে শ্রমিকদের মধ্যে মাস্ক, স্যানিটাইজার ও সাবান বিতরণ করেন মন্ত্রীর প্রতিনিধিরা। জানা গিয়েছে, ২০ হাজার শ্রমিক, কর্মচারীদের মধ্যে এগুলি বিতরণ করতে এগিয়ে এসেছেন বিভিন্ন ক্লাবের সদস্যরাও।


এ ছাড়া লকডাউনে ভারত সেবাশ্রম সংঘের তত্ত্বাবধানে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাজুড়ে শুভেন্দু অধিকারী রোজ কয়েক হাজার মানুষের অন্নসংস্থানের ব্যবস্থা চালিয়ে যাচ্ছেন। আজ মে দিবসে মেচেদা থেকে হলদিয়া পর্যন্ত কৃষি শ্রমিক এবং অসংগঠিত শ্রমিকদের ভারত সেবাশ্রম সংঘের তত্ত্বাবধানে দ্বিপ্রাহরিক অন্নবিতরণ করা হলো দই-মিষ্টি সহযোগে।
