এই নিয়ে তৃতীয় দফায় ৬টি গাড়িতে বাঁকুড়া জেলায় পৌঁছে গেল শুভেন্দু অধিকারীর পাঠানো ৮ হাজার প্যাকেট খাদ্যসামগ্রী। লকডাউনে সমস্যায় পড়া প্রান্তিক মানুষদের জন্য তাঁর এই মানবিক উদ্যোগ। সোমবার ২০ এপ্রিল সেগুলি পাঠান শুভেন্দু অধিকারী। নির্দেশ দেন যোগ্য পরিবারের হাতে তা দ্রুত তুলে দেওয়ার জন্য।

জেলা তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, এর আগে দু দফায় সাড়ে ১০ হাজার প্যাকেট খাদ্যসামগ্রী পাঠিয়েছেন দলের জেলা পর্যবেক্ষক তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম দফায় জেলার গ্রামীণ এলাকার ২২টি ব্লকে সাড়ে সাত হাজার প্যাকেট পাঠান। পরের দফায় বাঁকুড়া, বিষ্ণুপুর ও সোনামুখী এই তিন পুরসভার জন্য পাঠান তিন হাজার প্যাকেট খাদ্যসামগ্রী।
জেলায় ২৫ হাজার মাস্কও পাঠিয়েছেন শুভেন্দুবাবু।লকডাউনের মেয়াদ বাড়ার ফলে ফের আট হাজার প্যাকেট খাদ্যসামগ্রী পাঠালেন প্রান্তিক মানুষদের মধ্যে বিতরণের জন্য। জানা গিয়েছে, চাল, ডাল, আলু, মুড়ি, সর্ষের তেল-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস রয়েছে প্রতি প্যাকেটে।মঙ্গলবার থেকে তা বিষ্ণুপুর, বাঁকুড়া ও খাতড়া মহকুমা বিলি শুরু হয়েছে।