মোহন সাহা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইতিমধ্যেই ৫০ হাজার মাস্ক তৈরি করছে বঙ্গশ্রী। তার পাশাপাশি তন্তুজকেও ১ লক্ষ মাস্ক তৈরি করতে বলা হয়েছে। এ কথা জানিয়েছেন ক্ষুদ্র, ছোটো ও মাঝারি উদ্যোগ ও বস্ত্র দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। এ নিয়ে বুধবার ১৮ মার্চ তন্তুজের আধিকারিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশে মাস্কের কালোবাজারি ঠেকাতে ইতিমধ্যেই বিভিন্ন বাজারে ঘুরে অভিযান চালাচ্ছে পুলিশ ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। মাস্কের চাহিদা বাড়ায় রাজ্য সরকারের অধীনে থাকা সংস্থাগুলিকে মাস্ক তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই কাজ যাতে দ্রুত হয় সেদিকে নজর রাখছেন স্বপন দেবনাথ। এদিন বিভিন্ন এলাকায় ঘুরে মাস্ক পরিয়ে সকলকে সচেতন করেন মন্ত্রী। সকাল ৮টা ৪০ মিনিটে কালনা থানায় গিয়ে ওসি রাকেশ কুমার সিং-সহ পুলিশকর্মীদের মাস্ক পরান স্বপনবাবু। সেখান থেকে তিনি চলে যান কালনায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ডিপোয়। বাসের ড্রাইভার, কন্ডাক্টর-সহ ডিপোর কর্মীদের মাস্ক পরিয়ে করোনা-সতর্কতামূলক সরকারি নির্দেশিকা মেনে চলতে বলেন। দমকল দফতরে গিয়ে মন্ত্রী মাস্ক পরিয়ে দেন ওসি এনামুল হক-সহ দমকলকর্মীদের। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। ধাত্রীগ্রাম, সমুদ্রগড়, সিমলন, নসরৎপুর-সহ বিভিন্ন এলাকায় পরীক্ষাকেন্দ্রে গিয়ে অভিভাবকদের করোনা সংক্রমণ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেন মন্ত্রী।

