করোনা-সতর্কতায় তারকেশ্বরের পর এবার তারাপীঠ মন্দিরও বন্ধ করে দেওয়া হচ্ছে। তারাপীঠ মন্দিরে অন্যদিনের তুলনায় কম ভিড় হচ্ছে। প্রশাসন মন্দির কমিটিকে বলেছিল, পুণ্যার্থীদের লাইনে দুজনের মধ্যে অন্তত ২ মিটার দূরত্ব রাখার ব্যবস্থা করতে। বাইরে সেটি সম্ভব হলেও গর্ভগৃহে সেই নিয়ম মানা যাচ্ছিল না। ফলে রাজ্য সরকারের করোনা-সতর্কতামূলক ব্যবস্থা মেনে চলতে ৩১ মার্চ অবধি মন্দিরে সাধারণের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, অবস্থার উন্নতি হলে ওই সময়ের আগেই মন্দির খোলা হবে। না হলে ওই সময়সীমা বাড়ানোও হতে পারে। তবে পুজো চলবে নিয়ম মেনেই।কোচবিহারের মদনমোহন মন্দির ও পূর্ব মেদিনীপুুরের তমলুকে সতীপীঠ বর্গভীমা মন্দিরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুষ্পাঞ্জলি ও ভোগ বিতরণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার নিয়ম মেনে বন্ধ রাখা হয়েছে হুগলির বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দির। মতুয়া মেলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।