সিন্ধু উপত্যকা সভ্যতা বা হরপ্পা সভ্যতা প্রাচীন বিশ্বের এক অন্যতম গুরুত্বপূর্ণ এবং বিস্ময়কর সভ্যতা হিসেবে বিবেচিত। খ্রিস্টপূর্ব ২৬০০ থেকে ১৯০০ সালের মধ্যে এই সভ্যতার বিকাশ ঘটে। এর বিস্তৃতি ছিল আধুনিক পাকিস্তান এবং উত্তর-পশ্চিম ভারতের বিস্তৃত অঞ্চলে। এই সভ্যতার বিভিন্ন কেন্দ্র আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে মোহেঞ্জোদাড়ো, হরপ্পা, চানহুদরো, কলিবঙ্গান, রাখিগড়ি, ধোলাভিরা, লোথাল ও সুতকাগেনদর উল্লেখযোগ্য।
সুতকাগেনদর, যা বর্তমান পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অবস্থিত, সিন্ধুসভ্যতার পশ্চিমতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত। এখান থেকে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মাধ্যমে জানা যায়, এটি ছিল সিন্ধু সভ্যতার একটি বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র। খোঁজ করলে এই কেন্দ্রে দ্বিভাষিক লিপির সন্ধান পাওয়া যেতে পারে।
সুতকাগেনদর : ভৌগোলিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট
সুতকাগেনদর অবস্থিত পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের মাকরান উপকূলের কাছাকাছি, ইরান সীমান্ত থেকে মাত্র ৪৮ কিমি দূরে। এই অবস্থান থেকেই স্পষ্ট হয় যে, এটি ছিল এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র। এখান থেকে সমুদ্রপথে মেসোপটেমিয়া (প্রাচীন ইরাক) এবং ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন সহজ ছিল। এই কেন্দ্রটি সিন্ধু সভ্যতার অন্যান্য কেন্দ্র যেমন মোহেঞ্জোদাড়ো ও হরপ্পার তুলনায় অপেক্ষাকৃত ছোট হলেও, এর অবস্থানগত কারণে এটি গুরুত্বপূর্ণ।
প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহের মধ্যে রয়েছে পাথরের প্রাচীর, নৌযান চলাচলের সুবিধার্থে কৃত্রিম খাল, ফ্লিন্ট ব্লেড, মুদ্রা, মৃৎপাত্র, অস্ত্র, তীরের অগ্রভাগ, অলংকার, মাটির তৈরি খড়হীন কাঁচা ইট ইত্যাদি। এগুলো দেখায় যে সুতকাগেনদরে একটি সুসংগঠিত সামাজিক ও অর্থনৈতিক কাঠামো ছিল।
লিপি ও ভাষার প্রেক্ষাপট
সিন্ধু সভ্যতার অন্যতম রহস্য হলো এখানকার লিপি। আজ পর্যন্ত এই সভ্যতার ব্যবহারকৃত লিপির সম্পূর্ণরূপে পাঠোদ্ধার করা যায়নি। আবিষ্কৃত কয়েক হাজার সিলমোহর ও খোদাই করা প্রতীকসমূহে ব্যবহৃত লিপি নিয়ে গবেষণা হলেও কোনো নিশ্চিত অনুবাদ এখনো পাওয়া যায়নি। এই লিপিকে অনেকে লোগোগ্রাফিক (প্রতীকভিত্তিক), কেউ কেউ সিলেবিক (অক্ষরভিত্তিক) অথবা শব্দভিত্তিক হিসেবে বিবেচনা করেছেন।
সুতকাগেনদরে যদি সত্যিই কোনো দ্বিভাষিক লিপির নিদর্শন পাওয়া যায়, তাহলে তা হতে পারে সিন্ধু লিপি পাঠোদ্ধারের চাবিকাঠি। ইতিহাসে দ্বিভাষিক লিপির উদাহরণ যেমন রোসেটা পাথর (যার মাধ্যমে মিশরীয় হাইরোগ্লিফ পড়া সম্ভব হয়েছিল), তেমনি কোনো দ্বিভাষিক লিপি সিন্ধু সভ্যতার ভাষা বোঝার ক্ষেত্রে একটি যুগান্তকারী ভূমিকা রাখতে পারে।
দ্বিভাষিক লিপির ধারণা ও গুরুত্ব
দ্বিভাষিক লিপি বলতে বোঝায় এমন কোনো লেখনী বা শিলালিপি, যেখানে দুটি ভিন্ন ভাষা বা লিপিতে একই বার্তা লেখা থাকে। ইতিহাসে এর সর্বশ্রেষ্ঠ উদাহরণ হলো রোসেটা স্টোন, যেখানে প্রাচীন মিশরীয়, ডেমোটিক এবং গ্রিক ভাষায় একই বার্তা লেখা ছিল। বিষয় ছিল খ্রিস্টপূর্ব ১৯৬ সালের একটি আইন, যার অনুবাদের মাধ্যমে জ্যঁ-ফ্রঁসোয়া শঁপোলিয়োঁ মিশরীয় হাইরোগ্লিফ ভাষার পাঠোদ্ধারে সক্ষম হন।
সুতকাগেনদরে যদি তেমন একটি লিপি পাওয়া যায়, যেখানে সিন্ধু লিপির পাশাপাশি কোনো সুপরিচিত ভাষা যেমন এলামাইট, প্রাচীন ইরানী, মেসোপটেমীয় বা এমনকি প্রাক-সংস্কৃত ভাষা বিদ্যমান, তবে তা সিন্ধু লিপি পাঠোদ্ধারের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

সুতকাগেনদরে দ্বিভাষিক লিপির সম্ভাবনা
সুতকাগেনদরের অবস্থান সিন্ধুসভ্যতার পশ্চিম প্রান্তে এবং ইরান সীমান্তের কাছাকাছি। এখানে সিন্ধুসভ্যতার অভ্যন্তরীণ সাংস্কৃতিক প্রভাব যেমন ছিল, তেমনি বহির্বিশ্বের (বিশেষ করে এলাম, সুমের ও পারস্য) প্রভাবও ছিল লক্ষণীয়। ফলে এখানে সাংস্কৃতিক বিনিময়, বাণিজ্যিক লেনদেন এবং ভাষাগত মিশ্রণ হওয়ার সম্ভাবনা ছিল অত্যন্ত বেশি। এই সাংস্কৃতিক মেলবন্ধনের মাধ্যমে এমন কোনো দলিল বা নিদর্শন রচিত হওয়ার সম্ভাবনা থাকে, যা দ্বিভাষিক হতে পারে।
সুতকাগেনদর থেকে আবিষ্কৃত বেশ কিছু সিলমোহরে এমন প্রতীক বা খোদাই আছে যা সিন্ধু লিপির সাধারণ কাঠামোর থেকে ভিন্ন। কিছু গবেষক দাবি করেছেন, এই লিপিগুলোর মধ্যে ভিন্ন ভাষার উপাদান থাকতেও পারে। এইরকম নিদর্শনের তুলনা যদি এলামাইট বা সুমেরীয় লিপির সঙ্গে করা যায়, তবে সাদৃশ্য খুঁজে পাওয়া সম্ভব হতে পারে।
এলাকা হিসেবে সুতকাগেনদর এমন স্থানে অবস্থিত ছিল, যেখানে বিদেশি বণিক বা দূতেরা আগমন করতেন। তাই এখানে দু’টি ভাষার সম্মিলনে দলিল রচনার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। বাণিজ্য চুক্তি বা শাসন সংক্রান্ত দলিল দ্বিভাষিক লিপিতে লেখা সম্ভবপর ছিল।
সুতকাগেনদরে ওমানি মৃৎপাত্রের খণ্ডাংশ
প্রাচীন সামুদ্রিক বাণিজ্যের এক তাৎপর্যপূর্ণ নিদর্শন সুতকাগেনাদরে (Sutkagendor) আবিষ্কৃত একটি ওমানি মৃৎপাত্রের খণ্ডাংশ (Omani pottery sherd) দক্ষিণ এশিয়ার ব্রোঞ্জ যুগীয় ইতিহাসে এক নতুন দৃষ্টিকোণ উন্মোচন করেছে। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে অবস্থিত এই প্রত্নস্থলটি সিন্ধু সভ্যতার (Indus Valley Civilization) পশ্চিমতম সীমার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা সম্ভবত প্রাচীন সমুদ্রবাণিজ্যের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। ওমান থেকে আসা মৃৎপাত্রের এই খণ্ডাংশ শুধু একটি জিনিস নয়; এটি একটি প্রমাণ, যা প্রাচীন সময়ের আন্তঃসামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিনিময়ের ইতিহাসকে পুনর্মূল্যায়নের সুযোগ করে দেয়।
সুতকাগেনদর হরপ্পা সভ্যতার এক সামুদ্রিক প্রান্তিক শহর
সুতকাগেনদর ছিল সিন্ধু সভ্যতার পশ্চিম প্রান্তের একটি প্রাচীন নগর, যা আধুনিক পাকিস্তান-ইরান সীমান্তের কাছাকাছি অবস্থিত। এটি প্রথমে ১৮৭৫ সালে ব্রিটিশ কর্মকর্তা এডওয়ার্ড মকলার (Edward Mockler) আবিষ্কার করেন এবং পরে বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ অরেল স্টেইন (১৯২৭এ) ও জর্জ এফ ডেলস (১৯৬০ সালে)-এর নেতৃত্বে খননকার্য হয়। প্রত্নতাত্ত্বিক খননে এখানে একটি সুরক্ষিত দুর্গ, নগর প্রাচীর, নিচু ও উঁচু শহরাঞ্চল, পাথরের পাত্র, শাঁখের গয়না, কপার-ব্রোঞ্জের চাকতির সন্ধান পাওয়া যায়, যা স্পষ্ট করে দেয় যে এটি কেবলমাত্র একটি জনবসতি ছিল না, বরং একটি সুসংগঠিত বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র ছিল।
ওমানি মৃৎপাত্রের খণ্ডাংশের তাৎপর্য
সুতকাগেন্দরে প্রাপ্ত মৃৎপাত্রের খণ্ডাংশটি ওমান অঞ্চলের, যা সম্ভবত উম আন-নার (Umm an-Nar) যুগের (প্রায় খ্রিষ্টপূর্ব ২৭০০–২০০০) শিল্পশৈলীর অন্তর্ভুক্ত। এই ধরণের পাত্রে সাধারণত কালো রঙের নকশা লাল মৃৎপাত্রে অঙ্কিত থাকে, এবং এগুলো ভিতরে ও বাইরে বিশেষ রেজিন দিয়ে পালিশ করা থাকত যাতে খাদ্য বা তরল পদার্থ দীর্ঘ সময় ধরে সংরক্ষিত ও পরিবহিত করা যায়।
সুতকাগেনদরে এই ওমানি মৃৎপাত্রের উপস্থিতি বোঝায় যে হরপ্পা সভ্যতা শুধু স্থলপথে নয়, বরং সমুদ্রপথেও ওমানের মতো দূরবর্তী অঞ্চলের সঙ্গে বাণিজ্য করত। এই একটি খণ্ডাংশই প্রমাণ করে যে ভারত মহাসাগরীয় অঞ্চলজুড়ে এক জটিল সামুদ্রিক বাণিজ্য নেটওয়ার্ক তখনকার সময়ে সক্রিয় ছিল।

বৃহত্তর প্রেক্ষাপটে প্রাচীন বাণিজ্য ও আদানপ্রদান
ওমানি মৃৎপাত্রের খণ্ডাংশ প্রমাণ করে যে ব্রোঞ্জ যুগের সময়ে ভারতীয় উপমহাদেশ, ওমান এবং মেসোপটেমিয়া সভ্যতার মধ্যে সক্রিয় যোগাযোগ ও বিনিময় বিদ্যমান ছিল। সমুদ্রপথে পণ্য, কাঁচামাল ও প্রযুক্তি বিনিময় চলত, এবং এর কেন্দ্রস্থলে ছিল এমনই উপকূলীয় নগর যেমন সুতকাগেনদর ও লোথাল।
সাংস্কৃতিক ও কারুশিল্পের আদান-প্রদান
ওমানি মৃৎপাত্র যেমন হরপ্পার প্রত্নস্থলে পাওয়া গেছে, তেমনিভাবে হরপ্পার সামগ্রীও ওমানে আবিষ্কৃত হয়েছে। এর মাধ্যমে বোঝা যায় যে দুই সভ্যতার মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও কারুশিল্পের ধারণা বিনিময়ও চলত। এটি একধরনের দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়ার দৃষ্টান্ত।
অর্থনৈতিক কাঠামো ও কারিগরি দক্ষতা
ওমানি পাত্রগুলো যেভাবে সমুদ্রযাত্রার উপযোগী করে তৈরি করা হতো, তা থেকে বোঝা যায় দুই সভ্যতাই উচ্চ পর্যায়ের উৎপাদন পরিকল্পনা ও বিশেষায়িত কারুশিল্প চর্চা করত। এই ধরণের পণ্য শুধুমাত্র অভ্যন্তরীণ ব্যবহারের জন্য নয়, বরং সুদূর আন্তর্জাতিক বাজারের জন্য উৎপাদিত হতো।
প্রত্নতাত্ত্বিক মূল্য ও ঐতিহাসিক তাৎপর্য
এই একটি মৃৎপাত্রের খণ্ডাংশ শুধু একটি টুকরো নয়, বরং এটি একটি প্রত্নতাত্ত্বিক সাক্ষ্য, যা আমাদেরকে বলে দেয়, কীভাবে প্রাচীন বিশ্বে সভ্যতাগুলো পরস্পরের সঙ্গে যুক্ত ছিল। এটি ইতিহাসবিদ ও প্রত্নতত্ত্ববিদদের জন্য এক মূল্যবান সূত্র যা তাঁদেরকে প্রাচীন যুগের যোগাযোগব্যবস্থা পুনর্মূল্যায়নে সহায়তা করে।
সুতকাগেনদরে ওমানি মৃৎপাত্রের খণ্ডাংশ আবিষ্কার ব্রোঞ্জ যুগীয় সভ্যতার আন্তঃসাংস্কৃতিক সংযোগ, বাণিজ্যিক আদান-প্রদান এবং সমুদ্রপথে সম্পর্কের গভীরতা সম্পর্কে নতুন করে ভাববার সুযোগ করে দেয়। এই ছোট্ট একটি সেরামিক টুকরো আমাদেরকে বোঝায় যে প্রাচীন মানুষদের মধ্যে পারস্পরিক নির্ভরতা, পণ্য ও ধারণার বিনিময়, এবং প্রযুক্তিগত সহযোগিতা কতটা বিস্তৃত ছিল।
ভবিষ্যৎ ভাবনা
আধুনিক প্রযুক্তি যেমন ৩-ডি স্ক্যানিং, এক্স-রে ফ্লোরোসেন্স, AI ভিত্তিক প্রতীক শনাক্তকরণ ব্যবহার করে সুতকাগেনদরের নিদর্শনসমূহ বিশ্লেষণ করা সম্ভব। এতে মাটির নিচে চাপা থাকা লিপি বা দ্বিভাষিক লিপি উদ্ধার হতে পারে।
একটি কেন্দ্রীয় সিন্ধুলিপি ডেটাবেস তৈরি করে প্রতিটি নিদর্শনের তুলনামূলক বিশ্লেষণ করলে অজানা বা নতুন প্রতীক চিহ্নিত করার কাজ সহজ হতে পারে।
সিন্ধুসভ্যতার পাশাপাশি সমসাময়িক সভ্যতা যেমন এলাম, সুমের, পারস্য ও মেসোপটেমিয়ার লিপি বিশ্লেষণ করে মিল খোঁজার কাজ শুরু করা যেতে পারে।
দ্বিভাষিক লিপির সন্ধানে সমস্ত গবেষকদের আদাজল খেয়ে আত্মনিয়োগ করা উচিত ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে। শুধু সেমিনারে বক্তৃতা দিয়ে ও বড়ো বড়ো পত্রিকায় জ্ঞানগর্ভ সন্দর্ভ লিখে সিন্ধুলিপির রহস্য উদ্ঘাটন করা যাবে না। প্রয়োজন দ্বিভাষিক লিপির সন্ধানে নতুন নতুন খননকার্যের জন্যে আন্তর্জাতিক সংস্থাগুলিকে মাঠে নামতে বাধ্য করা।