১৬০টি পরিবারের বাড়ি-বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন পাণ্ডবেশ্বর ব্লকের বৈদ্যনাথপুরের তিন ভাই। পাশাপাশি, আরও প্রায় ৪৬০ জনকে তাঁদের বাড়ির সামনে নির্দিষ্ট দূরত্বে দাঁড় করিয়ে খাদ্যসামগ্রীর প্যাকেট দেওয়া হল। প্রতি বছর বাবার স্মৃতিতে বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান আয়োজন করেন পাণ্ডবেশ্বর ব্লকের বৈদ্যনাথপুরের যমুনা ধীবর, স্থানীয় বৈদ্যনাথপুর পঞ্চায়েতের সদস্য। এবার দুঃসময়ে নজির গড়লেন যমুনাবাবু। যমুনাবাবুরা তিন ভাই। বড়ভাই দিলীপ মাছের ব্যবসা করেন। মেজো ভাই সাগরবাবুর মুদির দোকান। যমুনাবাবু বলেন, ৫ কেজি করে চাল, ৫০০ গ্রাম মসুর ডাল, ২৫০ মিলিলিটার সর্ষের তেল, ৪০০ গ্রাম পেঁয়াজ, ২ কেজি আলু এছাড়া সব ধরণের মশলা, ১টি করে সাবান ও মাস্ক দিয়েছি। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি (পাণ্ডবেশ্বর) নরেন্দ্রনাথ চক্রবর্তী বিডিও (পাণ্ডবেশ্বর) কৌশিক সমাদ্দার প্রমুখ।