দেশের সঙ্কটেও মোদী সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়ে চলেছে। জনবিরোধী এই পদক্ষেপের প্রতিবাদে বুধবার ১৭ জুন সরব হয়ে বিক্ষোভ দেখাল হুগলি জেলা তৃণমূল কংগ্রেস। আজ মাহেশের বিভিন্ন পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভের নেতৃত্ব দেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ যাদব। ছিলেন শ্রীরামপুর পৌরসভার মুখ্য প্রশাসক অমিয় মুখোপাধ্যায়।

দিলীপ যাদব বলেন, যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমছে তখন আমাদের দেশের বিজেপি সরকার একের পর এক জ্বালানি তেলের দাম বাড়িয়ে মানুষকে বিপদে ফেলছে। পেট্রোপণ্যের দাম বৃদ্ধির ফলে সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে। তাই আমাদের আজকের এই প্রতিবাদ। অমিয় মুখোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা আজকে পথে নেমেছি।

নরেন্দ্র মোদী সরকার যেভাবে তেলের দাম বাড়িয়ে যাচ্ছে তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। মোদী সরকারের যখনই কোনও বিপদ আসে সেই সময় একটা যুদ্ধ-যুদ্ধ পরিবেশ সৃষ্টি করে এবং তাদের ভুল তথ্য ও ভুল নীতির ফলে আজ চিন সীমান্তে আমাদের কুড়ি জন বীর সৈনিক শহিদ হয়েছেন। সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের দাবি এ ব্যাপারে প্রকৃত তথ্য জানানো হোক আমাদের। শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে এদিনের বিক্ষোভ কর্মসূচিতে সকলে কালো ব্যাজ পরেছিলেন।
ছবি ও সংবাদ: তরুণ মুখোপাধ্যায়