মোহন সাহা
অঞ্জলি। কর্মসূচির এই নামকরণ করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ২ জুন রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্দেশে জেলায় জেলায় এই ‘অঞ্জলি’ কর্মসূচির মাধ্যমে দুঃস্থ, অসহায় পরিবারের মহিলাদের হাতে শাকসব্জি তুলে দেওয়া হলো। কালনার ১০৮ শিবমন্দিরের সামনে এই কর্মসূচির ফাঁকে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী ড. শিখা দত্ত সেনগুপ্ত জানান, গ্রামে শাকসব্জি পেতে অসুবিধা না থাকলেও শহরাঞ্চলে তা পেতে অনেকের অসুবিধা হচ্ছে। তাছাড়া অনেকের সামর্থ্য নেই।

আগে আমরা চাল, ডাল, তেল ইত্যাদি বিতরণ করলেও এই কর্মসূচিতে শহরাঞ্চলের গরিব, অসহায় পরিবারের মহিলাদের হাতে শাকসব্জির প্যাকেট দেওয়া হলো। প্যাকেটে রয়েছে আলু, পেঁয়াজ, কাঁচালঙ্কা, টমেটো, পটল, ঝিঙে, কুমড়ো, পুঁইশাক ইত্যাদি। জেলার বিভিন্ন শহরে এই কর্মসূচিতে শাকসব্জি বিতরণের দায়িত্বে আছেন তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীরাই। কালনার এই কর্মসূচিতে ছিলেন বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু।

মুর্শিদাবাদের বহরমপুরে জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ তথা মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবু তাহের খান।
