লাদাখে চিনা সেনাদের আক্রমণে দুই বঙ্গসন্তান-সহ ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হয়েছেন। শুক্রবার ১৯ জুন বীরভূমে রাজেশ ওরাং ও আলিপুরদুয়ারে বিপুল রায়ের শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুই শহিদ জওয়ানের পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক ও একজনের চাকরির নিয়োগপত্র তুলে দিয়ে পাশে থাকার কথা জানিয়েছেন রাজ্য সরকারের প্রতিনিধিরা। ভারতীয় সেনাদের উপর হামলার প্রতিবাদে আজ সন্ধ্যায় মোমবাতি জ্বালিয়ে শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।

ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের এসটি এসসি সেলের কর্মীরা। ব্যান্ডেলের বাঁশতলায় এবং চকবাজারে আয়োজিত এই কর্মসূচিতে যোগ দেন হুগলি-চুঁচুড়া পুরসভার মুখ্য প্রশাসক গৌরীকান্ত মুখোপাধ্যায়, শেখ সানেওয়ার আলি, সঞ্জীব মিত্র, এসটি এসসি সেলের সভানেত্রী অনিন্দিতা মণ্ডল, বিদায়ী কাউন্সিলর সঞ্জয় পাল। অসিত মজুমদার বলেন, আমাদের দেশের বীর সন্তানরা শহিদ হয়েছেন, তাঁদের আপামর ভারতবাসী শ্রদ্ধা জানাচ্ছেন। অথচ বিজেপি কর্মীরা বিভিন্ন জায়গায় নানা ধরনের নাটক করে বেড়াচ্ছেন! আমাদের দুর্ভাগ্য যে বিজেপির মতো ধাপ্পাবাজ সরকার আমাদের দেশে রয়েছে।
সংবাদ: তরুণ মুখোপাধ্যায়