একটি চলতি কথা আছে, যোগ থাকতে রোগকে ডেকে আনা কেন! আমরা সবাই জানি, নিয়মিত যোগাসন করলে শরীর বাইরে ও ভেতর থেকে অনেকটাই শক্তিশালী হয়ে ওঠে যে রোগের আশঙ্কা অনেকটাই কমে যায়। কিন্তু নিয়মিত যোগাসন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রবণতা কমাতে পারে, এটা ক-জন জানি! হ্যাঁ, এমনটাই জানাচ্ছেন বিশিষ্ট যোগগুরু তথা ওয়েস্ট বেঙ্গল যোগ ন্যাচেরোপ্যাথি কাউন্সিলের সভাপতি ডা. তুষার শীল। আগামী শনি ও রবিবার দু-দিনব্যাপী সোহম ২০২০ যোগাসনের ইন্টারন্যাশনাল কনফারেন্স হতে চলেছে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে। এই অনুষ্ঠান উপলক্ষ্যে এক আলোচনায় যোগ দিয়ে এমনটাই জানালেন ডা.তুষার শীল। তিনি বলেন, নিয়মিত যোগাসন করলে শরীর, স্বাস্থ্য সবল থাকে। শুধু শরীর নয়, মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে। শরীরের ক্ষমতা বৃদ্ধি পায়, চোট-আঘাত লাগার আশঙ্কা কমে। দেহের ফ্লেক্সিবিলিটিও বাড়তে শুরু করে। কিন্তু আমরা অনেকেই জানি না, যদি কেউ দীর্ঘ বছর ধরে, কম পক্ষে ১০ বছর শরীরচর্চার সঙ্গে নিয়মিত যুক্ত থাকেন, নিয়মিত যোগাসন করেন তাহলে যে কোনও ধরনের ভাইরাসে আক্রান্ত হওয়া থেকে অনেকটাই দূরে থাকবেন, সেটা করোনার মতো ভাইরাস থেকেও। নিয়মিত আসন করলে এমসিএইচ-১ কমে যায় এবং ন্যাচারাল কিলার সেল বেড়ে যায়। এর ফলে ভাইরাস আক্রান্ত হওয়ার প্রবণতা ঠেকানো যায় অনেকটাই। তাই নিয়মিত যোগাসনের জুড়ি নেই।