| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

বিদ্যাসাগর ও বিধবা বিবাহ

Reporter Default
পার্থ চক্রবর্তী, শাহীন চৌধুরী ডলি / ১৮৬৬ জন পড়েছেন
আপডেট বুধবার, ২৯ জুলাই, ২০২০

আজ বিদ্যাসাগর মহাশয়ের প্রয়াণ দিবস। তাঁর জন্মের দ্বিশতবর্ষ চলছে। সতীদাহ প্রথা নিবারণ করেছিলেন রাজা রামমোহন রায়। সহমরণ থেকে নারীকে বাঁচিয়ে কিছুটা বাঁচার অধিকার দিয়েছিলেন। কিন্তু সহমরণের হাত থেকে বাঁচলেও নারীজাতিকে বৈধব্যের হাত থেকে বাঁচাতে পারেন নি। বৈধব্যের হাত থেকে নারীকে বাঁচিয়ে পূর্ণ নারীর অধিকারে বাঁচার অধিকারটুকু সমাজের কাছ থেকে আদায় করে নিয়েছিলেন বিদ্যাসাগর মহাশয় আইনের হাত ধরে।

এখানে আমরা দুই বাংলার দু-টি লেখা রাখলাম পাঠকের কাছে। দুই বাংলাই বিদ্যাসগরকে আজ স্মরণ করেছে বিধবা বিবাহের প্রবর্তক হিসেবে। কিন্তু পথটা সুগম ছিল না। বন্ধুর সেই পথ বিদ্যাসগর মহাশয় কি ভাবে জয় করলেন এই দুই কাহিনীর প্রতিটি অক্ষরে স্বর্ণক্ষরে তা খোদাই করা আছে। লেখক পার্থ চক্রবর্তী, শাহীন চৌধুরী ডলি।

সালটা ১৮৫৩। হুগলী বর্ধমান সীমান্ত অঞ্চলে দশঘরার কাছে এক অভিজাত বাড়ি।বেলা ১১টা হবে। ঘরের মধ্যে আয়োজন করা হয়েছে এক আলোচনা সভার। পাড়ার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত, রয়েছেন গৃহকর্তা স্বয়ং। জলখাবারের লুচি ছোলার ডাল নানা মিষ্টি পরিবেশিত হচ্ছে। সুখাদ্যের সুঘ্রানে ঘর মাতোয়ারা। আহার সমাপনে হবে আলোচনা। বিষয়বস্তু একটি বিদ্যালয় প্রতিষ্ঠা যাতে মেয়েদের জন্যও শিক্ষার সুযোগ থাকবে। গৃহকর্তা উদার মানসিকতা সম্পন্ন। তিনি খুবই উদ্যোগী এই ব্যাপারে। কিন্তু গ্রামের মানুষেরা মেয়েদের বাইরে আসতে দিতে নারাজ। তাই আজ তিনি বিদ্যাসাগর মহাশয়কে আমন্ত্রণ জানিয়ে এনেছেন মানুষকে বোঝানোর জন্য। চলছে তারই প্রস্তুতি।

এমন সময় একটি সাদা থান পড়া ছোট্ট ৬/৭ বছরের মেয়ে দৌড়ে এলো ঘরে।

‘বাবা বাবা, মা কে বলোনা, আমার খুব খিদে পেয়েছে। দাদারা লুচি খাচ্ছে, আর আমি চাইলেই মা বলছে,- ‘ছিঃ আজ একাদশী না।খাবার কথা বলতে নেই মা।’ কিন্তু বাবা,আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। একটু জল পর্যন্ত না। তুমি, মা, দাদারা কেউ একাদশী করোনা। আমায় কেন করতে হবে! আমার বুঝি খিদে পায়না?’

সকলের সামনে লজ্জায়, আর মেয়ের প্রতি মায়ায় করুন হয়ে ওঠে জমিদার বাবুর মুখ। আস্তে করে বলেন, ‘এখানে সভা চলছে মা, তুমি ঘরে যাও।’

করুন দৃষ্টিতে সকলের পাতের দিকে তাকিয়ে বিফল মুখে ভেতরের ঘরে ঢুকে যায় একরত্তি অভাগা মেয়েটি। আর তার পরেই রূপোর থালা বাটিতে বিদ্যাসাগর মহাশয়ের জন্য সুখাদ্য সাজিয়ে ঘরে আসে বামুন ঠাকুর। বিদ্যাসাগর বলেন,

‘শরীরটা ঠিক নেই, আমি খাবোনা কিছু। নিয়ে যাও৷’

বামুন ঠাকুর নিয়ে যান থালা ধরে। গৃহকর্তার অনুরোধ উপরোধেও দাঁতে কাটেন না কিচ্ছু।

শুরু হয় সভা। গ্রামের মানুষদের কাছে প্রথমেই তিনি তুলে ধরেন নারী শিক্ষার প্রয়োজনীয়তার কথা। সমাজে নারীদের অবদানের কথা। ইতিহাসের পাতা থেকে তুলে ধরেন পশুপালন, কৃষিকাজ সবকিছুরই সূত্রপাত নারীদের হাত ধরে, সেই অমুল্য তথ্য। এক এক করে বলে চলেন ইউরোপে কিভাবে শিক্ষিত নারীরা বিপ্লবে, সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তার উদাহরন। জোরালো আপত্তি ওঠে গ্রামের মানুষগুলির কাছ থেকে।ইউরোপের কথা বাদ দিন, আমাদের ধর্মে সমাজে নারীদের বাইরে বেরনো, শিক্ষা নেওয়া পাপ। ব্রহ্মাস্ত্র ছাড়েন বিদ্যাসাগর। কালিদাস কার বরপুত্র?শিক্ষার জন্য আমরা কার কাছে প্রার্থনা করি? দেবী সরস্বতী, তিনি একজন নারী। এর পরেও বলবেন পাপ?তারপর বেদের পাতা থেকে তুলে আনেন অপালা, ঘোষা, গার্গী, লোপামুদ্রাদের। নারী শিক্ষা বিষয়ে শ্লোকগুলি বলতে থাকেন একের পর এক। তীক্ষ্ণ যুক্তি, উদাহরন আর বাগ্মীতার সামনে ভেঙে পড়ে সংস্কারের দেওয়াল। সকলে সম্মত হন নারী শিক্ষার বিষয়ে। বিদ্যাসাগর মহাশয় উপলব্ধি করেন, ইউরোপ নয়, সংস্কার ভাঙতে হবে বেদ কে হাতিয়ার করেই।গৃহকর্তার মুখে তখন বিজয়ীর গৌরব।

সকলে চলে যাবার পর গৃহকর্তা বলেন, ‘এবার আপনার ভোজনের ব্যবস্থা করি। একাদশী তাই অন্নের ব্যবস্থা নেই। এইবার লুচি খান কয়েকটা। শরীর আশাকরি সুস্থ হয়েছে।’

বিদ্যাসাগর মহাশয় বলেন, ‘শরীর আমার সুস্থই আছে, ক্ষত আমার মনে। আমি নারীদের শিক্ষার জন্য ছুটছি, কিন্তু এই বিধবা নারীরা, তাদের দুঃখ, তাদের প্রতি এই ধর্মীয় অমানবিকতা — এই দিকে সম্পূর্ণ উদাসীন ছিলাম আমি। ছিঃ ছিঃ, ভাবতেই আমার গ্লানি হচ্ছে। রামমোহন রায় মহাশয় তাদের বাঁচিয়ে ছিলেন জ্বলন্ত চিতা থেকে। কিন্তু ওরা মরছে, রোজ জ্বলছে খিদেয়, অবহেলায়, অমানবিকতায়। আপনার কন্যা আজ চোখ খুলে দিয়েছে। আচ্ছা, আপনি পারেন না, মেয়ের পুনর্বিবাহ দিতে? ওর সামনে তো সারা জীবনটা পড়ে আছে। ও বাঁচুক নতুন করে। বিদেশে তো কতো হচ্ছে। আপনি শুরু করুন।’

গম্ভীর হয়ে উঠলো গৃহকর্তার মুখ। তিনি বললেন, ‘প্রথমত সমাজ মানবে না। আমাদের প্রাচীন ধর্মেও এর কোন স্বীকৃতি নেই। তারপর হিন্দু ম্যারেজ অ্যাক্টে ও রি-মেরেজের কোন আইন নেই। তাই ওর কপাল নিয়েই ওকে এইভাবেই বাঁচতে হবে। আমি নিরুপায়।’

বিদ্যাসাগর মহাশয় বললেন, ‘স্ত্রী শিক্ষার পাশাপাশি আমার নতুন লড়াই শুরু হল। এদেশের ছোট ছোট অসহায় বিধবা কন্যাদের বাঁচানোর লড়াই। সমাজ এবং আইন দুটোই পরিবর্তন করবো। শপথ নিলাম আজ। আমায় বিদায় দিন।’

জলগ্রহন না করে বেরিয়ে পরলেন তিনি।

শুরু হোল লড়াই, আক্ষরিক অর্থেই লড়াই। একদিকে কলেজে অধ্যাপনা,বই ছাপানোর কাজ, তাঁর গড়ে তোলা বিদ্যালয়ের জন্য অর্থ সংগ্রহ, সেগুলিকে তো আর বন্ধ হতে দেওয়া যায়না, তার সঙ্গে রাতের পর রাত জেগে বেদ উপনিষদ পুরান মনু সংহিতা ঘেঁটে চলা, কোথায় আছে নারীর পুনর্বিবাহের বিধান। সিন্ধুর থেকে মুক্তো তোলার মতোই কঠিন সে অনুসন্ধান। দিনের পর দিন,রাতের পর রাত।অবসরের সময় কই? এর সঙ্গে কলকাতার শিক্ষিত সমাজের স্বাক্ষর সংগ্রহ,  সরকারের কাছে বিধবা বিবাহ প্রচলনের জন্য পিটিশন জমা দেওয়া।

এদিকে শুরু হয়েছে নতুন বিপত্তি। কলকাতার রক্ষনশীল দল, পুরোহিত সমাজ বিধবা বিবাহের ঘোর বিপক্ষে। তারা কিছুতেই মেনে নেবেনা এই অনাচার। তারা পাল্টা আবেদন করেছে সরকারের কাছে, ধর্মবিরোধী এই আইন চালু হলে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করবে তারা। বিদ্যাসাগরের বাড়ির সামনে চলছে প্রতিবাদ ব্যঙ্গ বিদ্রুপের ঝড়। নারীদের প্রতি তাঁর সহানুভুতি নিয়ে অশ্লীল কটূক্তি। বাড়িতে যখন তখন পড়ছে ঢিল, ময়লা, আবর্জনা। একদিন বিদ্যাসাগরকে হামলার মুখেও পড়তে হয়েছে রাস্তায়। বঙ্কিমচন্দ্র বিষবৃক্ষ উপন্যাসে সূর্যমুখীকে দিয়ে বলালেন—‘যে বিধবা বিবাহের ব্যবস্থা করে, সে যদি পণ্ডিত হয়, তবে মূর্খ কে!’

এইসব কটাক্ষেও কিন্তু বিদ্যাসাগর অনড়। লড়াই তাঁর জীবনে। যিনি ওই দারিদ্র কাটিয়ে কলকাতায় ছাপাখানার ব্যবসা খুলতে পারেন, যিনি উত্তাল নদী সাঁতরে পার হতে পারেন দুর্যোগের রাত্রে, যিনি নিজ খরচে ২১টি বালিকা বিদ্যালয় চালানোর সাহস দেখান, যিনি স্পর্ধা রাখেন ব্রিটিশের সামনে জুতো পড়া পা তুলে ধরার, তার কাছে কোন বাধাই বাধা নয়। কিন্তু বড়লাটের দপ্তর বলেছে বেদ পুরানে কী কোন উদাহরন আছে পুনর্বিবাহের? না হলে আইন পাশ করা মুশকিল। রক্ষনশীলদের চটিয়ে কিছু করার ইচ্ছা নেই ডালহৌসির।

তাই রাতের পর রাত জেগে পুঁথি পত্র পড়ছেন তিনি। কম আলোয় চোখের সমস্যা হচ্ছে, ক্লান্তিতে অনিদ্রায় শরীর ভেঙে পড়ছে, হতাশা আসছে মনে। কিন্তু পরক্ষনেই চোখে ভাসছে ওই একরত্তি বিধবা মেয়েটির করুণ মুখখানি, সারা দেশের হাজার হাজার বিধবা নাবালিকার অসহনীয় জীবনের দীর্ঘশ্বাস শুনতে পাচ্ছেন তিনি। আবার শুরু হচ্ছে তাঁর অন্বেষণ। তারপর, তারপর পাওয়া গেলো সেই মুক্তো। পরাশর সংহিতার অমর সেই শ্লোক

‘নষ্টে মৃতে প্রবরজিতে ক্লীবে চ পতিতে পতৌ/ পচস্বাপতসু নারীনাং পতিরন্যো বিধয়তে।’(স্বামী মারা গেলে, সন্ন্যাস নিলে, নিখোঁজ হলে, সন্তানগ্রহনে অক্ষম হলে, অধার্মিক ও অত্যাচারী হলে পত্নী আবার বিবাহ করতে পারে।’

তিনি ছুটলেন সরকারের কাছে। প্রমান করলেন বিধবা বিবাহ শাস্ত্রসম্মত। আর বাধা রইলো না কিছুই। ১৮৫৬ সালের ১৬ই মতান্তরে ২৬ শে জুলাই পাশ হোল বিধবা বিবাহ আইন। লক্ষ লক্ষ বাল্য বিধবা পেলো মুক্তির আশ্বাস। শুধু চালু করেই ক্ষান্ত থাকলেন না। নিজের পুত্রের বিধবার সাথে বিবাহ দিয়ে দেখিয়ে দিলেন সমাজকে। এখানেই তিনি অনন্যসাধারন। সিংহহৃদয় এর মধ্যে কুসুমকোমল অনুভুতির প্রকাশ। আমরা আজ বহু বছর পরেও যে সংস্কার কাটিয়ে উঠতে পারলাম না, তিনি সেই যুগে দাঁড়িয়ে করে দেখালেন তা।

তিনি চলে গেছেন সেই ১৮৯১ সালে। কিন্তু রয়ে গেছে তাঁর লড়াই, তাঁর আদর্শ, তাঁর অবদান। যে আদর্শ আলো দেখিয়েছে আপামর বাঙালিকে। যার হাত ধরে আমাদের অক্ষর চিনতে শেখা। সেই মহামানবকে জানাই শত প্রণাম।

করোনা আবহে অনেকেই হয়তো ভুলে গেছেন এই ২০২০ সালটা বিদ্যাসাগরের জন্ম দ্বিশতবার্ষিকী।

লেখক : পার্থ চক্রবর্তী

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তখন বেশ ছোট। তাঁর ছোটবেলায় এক খেলার সঙ্গী ছিলেন, যাঁর নাম রাইমণি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাইমনিকে খুব ভালোবাসতেন। খুব অল্প বয়সে রাইমণির বিয়ে হয়ে যায়। কিন্তু বিধির বিধান, কিছু বছর পরেই রাইমণির স্বামী মারা গেলে বিধবা রাইমণি তাঁর নিজ গ্রাম বীরসিংহে পিত্রালয়ে ফিরে আসেন, সঙ্গে নিয়ে আসেন তাঁর একমাত্র সন্তান গোপালকে। বিদ্যাসাগর একদিন গ্রামে ফিরে রাইমণিদের বাড়িতে তাঁর খোঁজ নিতে যান। তিনি সেখানে গিয়ে দেখেন রাইমণি শুকনা মুখে দাঁড়িয়ে আছেন। একাদশীর সেই দিনে রাইমণি উপবাস করেছিলেন। তাঁর মুখাবয়বজুড়ে ছিল উপবাসের করুণ চিহ্ন। রাইমণির করুণ অবস্থা দেখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের খুব কান্না পেয়েছিল এবং সেই সঙ্গে বিদ্যাসাগরের মনে আগুন জ্বলছিল। বিদ্যাসাগরের মনে হয়েছিল হিন্দু বাল্যবিধবাদের বৈধব্যের যন্ত্রণা থেকে মুক্তি দিতে হবে। এর জন্য প্রয়োজন বিধবাদের পুনর্বিবাহ।

উনিশ শতকের মাঝামাঝি সময়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর বাবা ঠাকুরদাসের সঙ্গে গ্রামের নানা রকম সমস্যা নিয়ে আলোচনা করছিলেন। এমন সময় বিদ্যাসাগরের মা ভগবতী দেবী সেখানে এসে পুত্রের কাছে বিধবাদের বাঁচার উপায় জানতে চাইলেন। তিনি বলেন, ‘তুই এত দিন যে শাস্ত্র পড়িলি, তাহাতে বিধবাদের কোনো উপায় আছে কি না?’

ভগবতী দেবী অকালবিধবা পড়শী কিশোরীদের দুঃখে আকুল হতেন। মায়ের সঙ্গে বিদ্যাসাগরের বাবা ঠাকুরদাসও ছেলের কাছে একই সমস্যার সমাধানের উপায় জানতে চাইলেন, ধর্মশাস্ত্রে বিধবাদের প্রতি শাস্ত্রকারেরা কী কী ব্যবস্থা করেছেন? অকাল বিধবাদের দুঃখ তাঁকেও স্পর্শ করত। মা–বাবার প্রশ্নের উত্তরে বিদ্যাসাগর জানালেন, এমন বিধবাদের বিয়ে শাস্ত্রসিদ্ধ। এ বিষয়ে তাঁর বই লেখার ইচ্ছা আছে। আমাদের সমাজ কুসংস্কারের কারণে প্রথাবিরোধী। বিদ্যাসাগরও সমাজ বিরোধের আশঙ্কায় দ্বিধাগ্রস্ত। বাবা ঠাকুরদাস ও মা ভগবতী দেবী দুজনেই ছেলেকে এগিয়ে যেতে বললেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বুঝেছিলেন, সমাজের শাস্ত্রের গোঁড়ামি শাস্ত্র দিয়েই ভাঙতে হবে।

বিদ্যাসাগরের মাথায় তখন একটাই চিন্তা, বিধবাদের পুনর্বিবাহ। এই সময় তিনি সংস্কৃত কলেজের পাঠাগারে সারা দিন ধরে নানা পড়া শুরু করলেন। বিরতি নিতেও যেন তাঁর মন চায় না। পাঠের মাঝে বিরতি শুধু খাবারের। একদিন পড়তে পড়তে তিনি আনন্দে লাফিয়ে উঠলেন। তিনি পেয়ে গেছেন পরাশর সংহিতার দুই লাইনের শ্লোক।

‘নষ্টে মৃতে প্রব্রজিতে, ক্লীবে চ পতিতে পতৌ’ অর্থাৎ—

‘স্বামী নিখোঁজ হলে বা তার মৃত্যু হলে, নপুংসক আর পতিত হলে তাঁর স্ত্রী পুনরায় বিয়ে করতে পারেন।’

খুশি খুশি মনে এই যুক্তির ওপর ভর করে তিনি বিধবাদের বিয়ের পক্ষে দুটি বই লিখলেন। এ ছাড়া বিধবাবিবাহের পক্ষে পত্রপত্রিকায় লেখালেখি অব্যাহত তো ছিলই। তিনি লিখলেন, ‘বিধবাবিবাহ প্রচলিত হওয়া উচিত কি না’ শীর্ষক একটি প্রবন্ধ, যা ১৮৫৪ সালের ফেব্রুয়ারিতে ‘তত্ত্ববোধিনী’ পত্রিকায় প্রকাশিত হয়। ১৮৫৫ সালের জানুয়ারিতে প্রকাশিত হয় ‘বিধবাবিবাহ প্রচলিত হওয়া উচিত কি না, এই বিষয়ক প্রস্তাব’। এরপরই প্রবল আলোড়ন শুরু হয়।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবাবিবাহের সপক্ষ জনমত গঠন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন। বাংলা ভাষার প্রথম অভিধান লেখক, ব্রাহ্মসমাজের প্রথম আচার্য রামচন্দ্র বিদ্যাবাগীশ বিধবাবিবাহের পক্ষে প্রথম সমর্থন দান করেন। আইনের মাধ্যমে বিধবাবিবাহকে বৈধ করার লক্ষ্য নিয়ে ৯৮৭ জনের সই সংগ্রহ করে বিদ্যাসাগর আবেদনপত্র জমা দেন তৎকালীন ভারত সরকারের কাছে। এ সময় বিতর্কের ঝড় উঠল। তাঁর এই আবেদনের ঘোর বিরোধিতা করেন সনাতনপন্থী হিন্দুরা। সেই সময়ের খবরের কাগজগুলো দুই ভাগে ভাগ হয়ে গেল এবং অনেক প্রভাবশালী মানুষ সরাসরি এই প্রস্তাবের বিরোধিতা করলেন, তাঁদের মধ্যে ছিলেন শোভাবাজারের রাজা রাধাকান্ত দেব, কবি ঈশ্বরচন্দ্র গুপ্তসহ আরও অনেকে। বিদ্যাসাগরকে ব্যঙ্গ করে ‘সমাচার সুধাবর্ষণ’ পত্রিকায় পদ্য বেরোল—

‘…সাজ গো বিধবাগণ ফুটিয়াছে ফুল/তোমাদের সৌভাগ্য ঈশ্বর অনুকূল।’

নামে–বেনামে বিদ্যাসাগরকে আক্রমণ করে বহু চিঠি প্রকাশিত হতে থাকল। প্রশ্ন উঠল, বিধবার গর্ভের সন্তান সম্পত্তির অধিকারী হবে কি না।

১৮৫৬ সালে বর্ধমান থেকে বিধবাবিবাহের সমর্থকেরা আরেকটি আবেদনপত্র সরকারকে দেওয়া হলে বর্ধমানের রাজা মহতাব চাঁদ বিদ্যাসাগরের সমর্থনে সই করেন। প্যারীচাঁদ সরকার, প্যারীচাঁদ মিত্র, রাজনারায়ণ বসু, কিশোরীচাঁদ মিত্র, দীনবন্ধু মিত্র প্রমুখ বিদ্যাসাগরের সমর্থনে সরকারের কাছে আবেদন পাঠালেন। সমর্থনের চেয়ে বিরুদ্ধ দরখাস্তের সংখ্যা অনেক বেশি ছিল। ভারতের বিভিন্ন রাজ্য থেকে প্রায় ৩০ হাজার প্রতিবাদপত্র সরকারের কাছে জমা পড়ল। এমন সাবধানবাণীও প্রচারিত হলো, বিধবাবিবাহ চালু হলে ভারতে নিশ্চিত ধর্মদ্রোহ হবে। বিদ্যাসাগরের যুক্তির কাছে বিরোধীরা হার মানতে বাধ্য হন। তবু তাঁরা বিদ্যাসাগরের কাজের বিরোধিতা চালিয়ে যেতে থাকেন।

এত সব প্রতিকূলতাকে পাশ কাটিয়ে ১৮৫৬ সালের ২৬ জুলাই বিধবাবিবাহ আইন পাস হলো। বিধবাবিবাহ আইন পাসের পেছনে গ্র্যান্ড সাহেবের অবদানকে সম্মান জানিয়ে বিদ্যাসাগর গ্র্যান্ড সাহেবের বাংলোয় গিয়ে তাঁকে কৃতজ্ঞতা জানিয়ে আসেন।

বঙ্গদেশে নতুন যুগের সূচনা হলো। এত দিন যারা সমাজের গোঁড়ামির ভয়ে এগিয়ে আসেনি, তারাও তাদের সমর্থন নিয়ে এগিয়ে আসে। আইন পাস হলো কিন্তু বিড়ালের গলায় ঘণ্টাটি বাঁধবে কে? মহৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে অর্থবলের প্রয়োজন হয়। বিদ্যাসাগর দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। তিনি নিজের মাস্টারমশাই প্রেমচন্দ্র তর্কবাগীশকে আশ্বস্ত করে বলেন, ‘বিধবার বিয়ে হবে, আমিই দেব।’

বিদ্যাসাগর বিস্তর খরচ করে প্রথম বিধবাবিবাহের জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন। ১৮৫৬ সালের ৭ ডিসেম্বর রাতের দ্বিতীয় প্রহরে পাত্র শ্রীশচন্দ্র বিদ্যারত্নের সঙ্গে বিধবা পাত্রী ১০ বছরের কালীমতির বিয়ে দিয়ে ইতিহাস রচনা করেন। বিদ্যাসাগর কনের মা লক্ষ্মীদেবীকে দিয়ে কন্যা সম্প্রদান করালেন। বাংলা তথা ভারতের ইতিহাসে সোনার জলে লেখা থাকল বিধবাবিবাহের প্রথম আয়োজনের তারিখটি।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পিছিয়ে থাকা নারীসমাজকে পথ দেখিয়েছিলেন। ১৮৫৬ সালের ২৬ জুলাই বিধবাবিবাহ আইন পাস হওয়ার পরও তিনি নিজেকে ব্যস্ত রাখতেন বিধবাদের বিবাহের জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণে। তিনি হিন্দু ফ্যামিলি অ্যানুয়িটি ফান্ড প্রতিষ্ঠা করেছিলেন। বিধবাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পত্তির অধিকার ইত্যাদি সামাজিক রক্ষাকবচ প্রাপ্তি বিদ্যাসাগরের অক্লান্ত পরিশ্রমের অবদান। তাঁর ছিল কঠিন সংগ্রামী জীবন। অন্যায়ের সঙ্গে তিনি কখনো আপস করেননি। বিদ্যাসাগর বলেছিলেন, ‘আমি দেশাচারের নিতান্ত দাস নহি, নিজের বা সমাজের মঙ্গলের নিমিত্ত যাহা উচিত বা আবশ্যক বোধ হইবে, তাহা করিব, লোকের বা কুটুম্বের ভয়ে কদাচ সংকুচিত হইব না।’

বিধবাবিবাহের প্রবর্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের একমাত্র ছেলে নারায়ণ চন্দ্রের বিয়ে ভবসুন্দরী নামের বিধবা কন্যার সঙ্গে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করে বুঝিয়ে দিয়েছিলেন, তিনি শুধু কথায় নয়, কর্মেও পারঙ্গম। বিশিষ্ট বাঙালি সমাজসেবক ও গদ্যকার, দার্শনিক, সংস্কৃত ভাষা ও সাহিত্যের অগাধ পণ্ডিত, প্রকাশক, অনুবাদক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮৯১ সালের ২৯ জুলাই ৭০ বছর বয়সে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় মৃত্যুবরণ করেছিলেন। তাঁর প্রয়াণদিবসে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

লেখক : শাহীন চৌধুরী ডলি

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev