দূরদর্শনের ডিডি বাংলা নয়, বেসরকারি সংবাদমাধ্যমে ক্লাস নাইন থেকে টুয়েলভের ক্লাস নেওয়ার ব্যবস্থা করল রাজ্য শিক্ষা দফতর। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় প্রথমে জানিয়েছিলেন, দূরদর্শনে ওই ভার্চুয়াল ক্লাসের ব্যবস্থা করা হবে। এর কয়েক ঘণ্টার মধ্যেই তিনি আবার জানিয়েছিলেন, এই প্রক্রিয়ায় শিক্ষাদান স্থগিত রাখা হচ্ছে। এরপর শিক্ষা দফতরের তরফে সংবাদ সংস্থাকে জানানো হয়, ভার্চুয়াল ক্লাসের ব্যবস্থা করা হচ্ছে এবিপি আনন্দ চ্যানেলে। মঙ্গলবার ৭ এপ্রিল থেকে এই চ্যানেলে ক্লাস নেবেন বিশিষ্ট শিক্ষকরা বিকেল তিনটে থেকে চারটে অবধি ক্লাস নেওয়া হবে। স্টুডিওটি ক্লাসের মতো সাজানো হবে। অনুষ্ঠান চলাকালীন হোয়াটসঅ্যাপে বা ফোন করে কোনও প্রশ্ন করতে পারবেন পড়ুয়ারা।
এর আগে একটি বেসরকারি চ্যানেলেই শিল্পোদ্যোগীদের উৎসাহিত করতে ‘এগিয়ে বাংলা’ নামে অনুষ্ঠান করেছিল রাজ্য সরকার। ক্লাসের ব্যবস্থা যে চ্যানেলে হচ্ছে তারা নানা সময়ে কোনও রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ে। অকারণে কুৎসা করায় ওই চ্যানেলের একটি অনুষ্ঠানকে কটাক্ষ করে ‘কুৎসাপক্ষ’ বই লিখে মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় বলেছিলেন, ওই চ্যানেল দেখবেন না! যদিও এখন কোনও উদ্দেশ্য নিয়েই ওই চ্যানেল এখন রাজ্য সরকারের কাছে আসার চেষ্টা করছে।
