ওয়েবিনার বলুন কিংবা কোন অনলাইন আলোচনা – অনেক সময়েই দেখি বক্তা বা উপস্থাপকদের পিছনে জেগে আছে একটা পটভূমি। আমাদের সবার কাছে যা খুব চেনা ও সাধারণ – তা হল, র্যাকভর্তি বই। যা দেখলেই মনে হয় দর্শক প্রবেশ করছেন একটা জরুরি ও গুরুত্বপূর্ণ বিষয়ে। এককথায় বইয়ের উপস্থিতি আলোচনা ও আলোচককে একটা আলাদা গাম্ভীর্য ও উচ্চতা দেয়, বাড়িয়ে দেয় বিষয়বস্তুটির গুরুত্ব। এটা যে সবসময় সচেতনভাবে করা হয় তা নয়, হয়তো সেই সময় উপস্থাপকের পিছনে দেওয়ার মত তেমন কোন জুৎসই বা বিষয়ানুগ পটভুমি ছিলনা। এমনও হতে পারে, উপস্থাপকের বাড়িতে শুধু র্যাক বোঝাই বই’ই রয়েছে। যাইহোক ব্যাপারটা বেশ চোখে পড়ার মত।
একদিকে যখন একদল মানুষ গলার শির ফুলিয়ে পড়াশোনাকে শুধুই অনলাইন কাজকারবার করে তুলতে চাইছেন ঠিক সেসময় অনলাইনে বইপত্রের এমন দাপট বেশ ভরসা জোগায়। পটভূমিটিতে যেন বলতে চাওয়া হচ্ছে আলোচক বা উপস্থাপক বেশ পড়াশোনা করা লোক। বাড়িতে প্রচুর বই মানে তিনি যা বলছেন তা বেশ জেনেশুনে, ভেবেচিন্তে বলছেন। এককথায় উপস্থাপনাটি একটা গুরুত্ব পেয়ে যায়। অনেকে বলতেই পারেন, নানা ওসব কিছু নয়, ব্যাপারটা স্রেফ দেখনদারি। ব্যাপারটাকে একটু বৌদ্ধিক বা পন্ডিতমনস্ক করে তোলার চেষ্টা। একথা মেনে নিলেও বইয়ের গুরুত্ব কিন্তু কমে না বরং আরও বেড়ে যায়। কারণ, বিষয়টির গুরুত্ব বোঝাতে সেই বইয়েরই দ্বারস্থ হতে হল।

অনলাইনের দাপটেও বইয়ের গুরুত্ব যে কমেনি, তা উপস্থাপনার পটভূমিটি থেকেই বেশ বোঝা যায়। ডিজিটাল আয়োজনেও বই পেয়ে যায় একটা মান্যতা। অন্তত এটুকু বোঝা যায়, যারা একাজটির সঙ্গে যুক্ত তাদের বইয়ের প্রতি একটা দুর্বলতা আছে, হয়তো বা প্রছন্ন ভালোবাসা। এভাবেই অনলাইন উপস্থাপনায় জায়গা পেয়ে যায় বই, তা শুধু হোম-ডেকর বা প্রপস’এ আটকে না থেকে হয়ে ওঠে একটা বিশ্বস্ততার প্রতীক।
প্রায়ই দেখি, অনলাইন আলোচনায় মাঝেমধ্যেই বক্তারা তাদের যুক্তিকে আরও জোরালো করে তুলতে বইয়ের রেফারেন্স তুলে আনছেন। নির্ভুলভাবে দিচ্ছেন কোন বই থেকে উদ্ধৃতি। বোঝা যাচ্ছে ডিজিটাল আয়োজনেও উপস্থাপনার বিষয়টির যুক্তিগ্রাহ্যতা প্রমাণ করতে বক্তার সেই পুঁথির ওপরই বেশি ভরসা। বই যোগান দিচ্ছে অনলাইনের বিষয়। ব্যাক্তির একান্ত পাঠের উপলব্ধি অনলাইন বেয়ে হয়ে উঠছে গ্লোবাল। বিশ্বের এক গোলার্ধের মানুষের ভাবনার দরজায় ধাক্কা মারছে অন্য প্রান্তের কোন পাঠলব্ধ অনুভব। তা গড়ে তুলছে নতুন কোন ভাবনার ভিত। ডিজিটাল জমানাতেও বই আছে, থাকবে বহাল তবিয়তে। পটভূমিটিতে সেকথাটাই পরিস্কার।