এই পাহাড়ি পথে ভিউ পয়েন্ট বলে কিছু নেই। পাহাড় নিজেই এক অন্তহীন দৃশ্যপট। প্রতিটি স্তরে, প্রতিটি ভাঁজে অলক্ষ্যে ফোটে নতুন কোনো বিস্ময়। আমরা শুধু পথিক হয়ে চোখ মেলে দেখি। লোয়ার মুস্তাং জেলার মারফা গ্রাম থেকে আমরা পাখি ডাকা ভোরে বেরিয়ে পড়েছি হোটেলের খিড়কি দরজা দিয়ে। গোটা গ্রাম তখনো ঘুমে আচ্ছন্ন। আমাদের গন্তব্য অবশ্যই একটা আছে।